চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাবলা গাছে ধাক্বা দিলে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শহিদুল উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের জলকর মাধবপুর গ্রামের নবাব হোসেনের ছেলে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মাশিলা বাজার সড়কের ধুনারখাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

শহিদুলের চাচা মিঠু হোসেন বলেন, ওই সড়ক দিয়ে মাশিলার দিকে যাওয়ার পথে ধুনারখাল নামক স্থানে এসে দেখি দু’জন লোক রক্তাক্ত অবস্থায় তাকে ধরে রেখেছেন। তারা আমাকে বলেন, ভাই ছবি তুলে একটু ফেসবুকে দিয়ে দেন (আত্মীয়–স্বজন যেন জানতে পারেন সে জন্য)। বাবলা গাছে ধাক্কা লেগে ছেলেটির এই অবস্থা হয়েছে। তখন সড়কে হাসপাতালে নেওয়ার মতো কোনো যানবাহন ছিল না। ছবি তুলতে গিয়ে দেখি আমারই আপন ভাইপো শহিদুল।

মিঠু হোসেন আরও বলেন, মোটরসাইকেলটি রাস্তার পাশে ভাঙাচোরা অবস্থায় পড়ে ছিল। এরপর কোনোভাবে একটি গাড়ি ম্যানেজ করে হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পরও কিছুটা নড়াচড়া করছিল। এরপরই সে মারা যায়।

শহিদুলের স্ত্রী জানান, সকাল ছয়টায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়া মেয়েকে শহরের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে দিতে ছোট ভাইয়ের নতুন কেনা একটি মোটরসাইকেলে করে চৌগাছায় যান শহিদুল। এরপর মোবাইলে সংবাদ পেয়ে হাসপাতালে এসে দেখি তার লাশ।

তিনি আরও জানান, তাঁর স্বামী সিঙ্গাপুর যাওয়ার জন্য ৯ লাখ টাকা জমা দিয়েছে। ভিসাও হয়ে গেছে। আরও ৩ লাখ টাকা দিয়ে এক মাসের মধ্যেই সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।

চৌগাছা থানার উপপরিদর্শক জয়নুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন