যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়ায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ মে) সকালে সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রী বাসু কর্মকার (৪৫) ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে।

আহতদের মধ্যে যাদের পরিচয় মিলেছে তারা হলেন যশোর সদর উপজেলার কোদালিয়া গ্রামের ফুলমতি (৪৫), শেখহাটি এলাকার ছাবিনা বেগম (৪৪), পুলেরহাটের মাসুম (২২), বাহাদুরপুরের রিপন (৬০), আবু সাঈদ (৩০), তফসিডাঙ্গার আনোয়ার হোসেন (৫৫), রাজশাহী সদর উপজেলার অজয় বিশ্বাস (৪৫), মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী আল-আমিন (২৫), আরাফাত (২৩), জাকির (২৩) ও লিংকন (২২)। নিহত ও আহতরা সবাই বাসযাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এদিন সকালে যশোর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লোকাল বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৬৫৪) দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাড়ে সাতটার দিকে কোদালিয়া স্কুলের সামনের মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় চার কলেজছাত্রসহ ২০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে বাসু কর্মকার নামে বাসযাত্রী মারা যান।

স্থানীয় ইছালী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি বারোবাজার হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন