মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

বেনাপোল দিয়ে মে দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

মহান মে দিবস উপলক্ষে সোমবার (০১ মে) বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মে দিবসে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এই বন্ধের মধ্যে বন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য বন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (০২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, মে দিবসে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী গমনাগমন স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫শ’ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রপ্তানি হয় ২০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন