বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পূর্ব শত্রুতার জের ধরে সলেহ আহমদ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফতেপুর নালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শাহীন হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত সালেহ আহমদের ছেলে ফয়েজ আহমেদ জানান, সকালে তার বাবা মাছ ধরতে সদরের নালিয়া খাল কান্দায় যান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে শাহীন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুর ১টার দিকে মারা যান।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শুভাশিস রায় জানান, তার মাথায় গুরুতর জখম থাকায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ধারণা করা হচ্ছে এ কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান , এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে আহত সালেহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । এছাড়া হামলাকারী শাহীনকে আটক করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন