শার্শার অগ্রভুলোট সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল স্বর্ণের বার গুলো উদ্ধার করেন। তবে  এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে না পারলেও চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পাঁচভুলাট ও অগ্রভুলাট বিওপি’র মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড় নামক স্থানে গোপনীয়তার সাথে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। কিছুক্ষন পর বিজিবি টহল দল একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে তাকে থামতে বলে। ঐ ব্যক্তি মোটর সাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে লাঠি দিয়ে আঘাত করলে সে মোটর সাইকেলসহ রাস্তার ওপর পড়ে যায়। মোটরসাইকেল ও কসটেপ মোড়ানো একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে তারা প্যাকেটি উদ্ধার করে তল্লাশি করে সেখান থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করে। যার বাজার মূল্য ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ জন আসামীসহ মোট ৭৬ কেজি ৫৯ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।

খুলনা গেজেট/ এসজেড

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন