যশোরে ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ট্রাক চাপায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর দু’জন গুরুতর আহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে যশোর চুড়ামনকাটি চৌগাছা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা সুমি, সদর উপজেলার কমলাপুর গ্রামের জোহরা বেগম ও ভ্যানের চালক মাসুম হোসেন।

আহত দু’জন হলেন, নিহত জোহরার স্বামী যশোর সদরের গোবরা গ্রামের আমজাদ হোসেন ও নিহত সুমির স্বামী যবিপ্রবির একই বিষয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জোহরা বেগমের স্বামী জানান, চুড়ামনকাটি বাজার থেকে তারা ভ্যানযোগে চৌগাছা সড়কের বেলতলার দিকে যাচ্ছিলেন। ভ্যানে তারা স্বামী-স্ত্রীসহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং স্থানীয় আরেকজনসহ ৫জন ছিলেন। পথিমধ্যে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইট ভাটার সামনে পৌঁছালে চৌগাছা থেকে বিএডিসির একটি ট্রাক তাদের চাঁপা দেয়। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও ঘটনাস্থলে ভ্যানচালকসহ তিনজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। দ্রুতগতিতে ট্রাকটি আসায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

যশোর কতোয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নিশ্চিত করে বলেন, রোববার বিকেলে একটি ট্রাক চৌগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিল। এ সময়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ভ্যান চালক ও দু’জন যাত্রী নিহত হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে নিহত ও আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে যান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন, প্রায়ই এই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। ড্রাইভারদের বেপরোয়া চলাচল ও গতি এটার প্রধান কারণ। তিনি এটি রোধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন