যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়ায় সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকাশ ঋষি (২৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের দিশা শিশু নিকেতনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ভ্যান চালক আকাশ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামের সন্দীপ ঋষির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন সকালে বাঘারপাড়ার আমতলা বাজার মোকামে সবজি বিক্রি করতে যায় আকাশ। এরপর তিনি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দিশা শিশু নিকেতনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আকাশ।

বারোবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনার পরই পালিয়ে যাওয়ায় ট্রাক ও চালককে আটক করা যায়নি। ভ্যান চালকের মরদেহ ও দুর্ঘটনা কবলিত ভ্যানটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহ ময়না তদন্ত ছাড়াই গ্রহণ করার জন্য তার পরিবার আবেদন জানিয়েছে। বিষয়টি বিবেচনধীন রয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন