যশোর এমএম কলেজের আসাদ হলে মাদকসেবীদের হামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সরকারি এম এম কলেজের আসাদ হলে ছাত্রদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মারামারিতে মাস্টার্সের ছাত্র পিয়াল, অনার্স ৩য় বর্ষের রকি, ৪র্থ বর্ষের পল্লবসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের একজন যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কলেজ ক্যাম্পাসে মাদক সেবনে বাধা দেওয়ার জের ধরে এই ঘটনা সূত্রপাত বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, রবিবার সন্ধ্যার পর বহিরাগত মাদকসেবীদের ৪০ থেকে ৪৫ জনের একটি গ্রুপ লাঠিসোটা নিয়ে আসাদ হলে ঢুকে ছাত্রদের এলোপাতাড়ি মারপিট শুরু করে। তখন ছাত্ররাও প্রতিরোধ করেন। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে।

ছাত্রদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্র কমন রুম, শহিদ মিনার, রোভার অফিস ও ছাত্রী হোস্টেলের সামনে বহিরাগতরা এসে প্রায়ই মাদকসেবন ও আড্ডা দেয়। এতে বাধা দেয়ায় তারা ক্ষুব্ধ ছিলো। এরই জের ধরে আকস্মিকভাবে হামলা চালায় মাদকসেবীরা।
মারামারির খবর শুনে ঘটনাস্থলে যান কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। তিনি ছাত্রদের চিকিৎসার খোঁজখবর নেন ও ঘটনা শোনেন।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, এমএম কলেজের আসাদ হলে মারামারি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন