ঝিকরগাছায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। রোববার বার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের রাজাপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ফারহান আহমেদ আকাশ। নড়াইলের কালিয়া উপজেলার বিপাটনা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে তিনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এদিন দুপুরে বেনাপোলগামী মালামাল বোঝাই ট্রাকের সাথে যশোরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী আকাশ ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আকাশের সহকর্মী মোস্তফা ফাহিম মাহমুদ বলেন, আকাশ বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফকিরহাট কার্যালয়ে মিটার রিডার পদে কর্মরত ছিলেন। তিনি ঝিকরগাছা পৌরসদরের কৃষ্ণনগরে বাবা-মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করছিলেন। জীবন বিতৃষ্ণা হয়ে গেছে বলে মৃত্যুর এক ঘণ্টা আগে আকাশ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে বলেও জানান ফাহিম।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ হস্তান্তর করা হয়নি। হাসপাতালে মর্গে রয়েছে নিহতের লাশ।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন