যশোরে জেলি পুশ করা চিংড়ি জব্দ, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে জেলি পুশ করা আড়াইশ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে আরবপুর এলাকায় হাইওয়ে রাস্তার ওপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে একটি মাছের ট্রাক থেকে ১৬টি ককসিট ভর্তি চিংড়ি মাছ জব্দ করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের পর ওই মাছ ধ্বংস করা হয়। একই সাথে এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মাছের মালিক মাম্পি এ্যান্ড প্রান্ত ফিস প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাতক্ষীরা কলারোয়া উপজেলার যুগীবাছী গ্রামের রনজিৎ মন্ডলের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
যশোরের কোম্পানী কমান্ডার লে. নাজিউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে তারা জানতে পারেন একটি ট্রাকে জেলি পুশ করা চিংড়ি মাছ সাতক্ষীরা থেকে যশোর হয়ে ঢাকার যাত্রাবাড়ির দিকে যাচ্ছে। তাৎক্ষণিক তারা আরবপুরে অবস্থান নেন। রাত সাতটার পর থেকে প্রায় ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি মাছ ভর্তি ট্রাক তাদের সন্দেহ হয়। পরে ট্রাকটি তল্লাশি করেন তারা। ওই ট্রাকের মধ্যে ১৬টি ককসিটে থাকা চিংড়ি মাছে জেলি পুশ করার বিষয়টি প্রমাণ পাওয়া যায়। এক পর্যায়ে মালিকপক্ষ তা স্বীকারও করেন। পরে তাদেরকে জরিমানা করা হয় ও সব মাছ ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এইচ. এম শফিকুর রহমান, যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন