অভয়নগরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না কলেজছাত্র তামিমের

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে গাছের সাথে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্র। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার বাগদাহ-চলিশিয়া সড়কের সানারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম মাহমুদ (১৯) উপজেলার বুইকারা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর হোসেনের ছেলে। তিনি পায়রাহাট ইউনাইটেড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল।

তামিমের ভাই মাহাদী হাসান জানান, বিকেলে তামিম কলেজ থেকে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সানারপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা দেন। এতে তামিম গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীররাতে তিনি মারা যান।

পুলিশ পরিদর্শক মিলন কুমার মণ্ডল বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন