যশোর ও চৌগাছা থেকে কারেন্ট জাল উদ্ধার, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের বড়বাজার চুড়িপট্টি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি দোকান থেকে অবৈধ ৫শ’ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এসময় দোকান মালিকের কাছ থেকে আদায় করা হয়েছে জরিমানা। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা।

তিনি জানান, সদর উপজেলার নির্বাহী অফিসার অনুপ দাসের নেতৃত্বে একটি টিম বড়বাজারের চুড়িপট্টি এলাকায় মঙ্গলবার(২৬ জুলাই) দুপুরে অভিযান চালায়। এসময় সফিয়া রহমানের দোকান থেকে ৫শ’ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ অপরাধে দোকান মালিককে ৪ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেয়া হয়। শফিয়ার রহমান সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মোসলেম শেখের ছেলে।

এদিকে, চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস ও দুটি দোকানে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) শহরের মাদ্রাসা রোডে ইয়াকুব আলী (২৩) সুতা ও দড়ির দোকানে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রি করায় এক হাজার টাকা জরিমান ও ৬০ হাজার টাকার কারেন্ট জাল আটক এবং আবু সালেহ সুতা ও জাল বিক্রেতার দোকানে কারেন্ট জল রাখার অপরাধে এক হাজার টাকা জরিমান ও অবৈধভাবে ৪২ হাজার টাকার কারেন্ট জাল উদ্ধার করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, হারুন অর রশিদ, ভূমি অফিসের পেশকার ইউসুফ আলী।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন