চৌগাছায় এসিল্যান্ডের হস্তক্ষেপে কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণীর এক ছাত্রী । বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা আড়াইটার দিকে কনের বাড়িতে বরযাত্রী পৌছানোর আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।

চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস জানিয়েছেন, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুরের গ্রামের ওই ছাত্রীর পাশের গ্রামের ২৩ বছরের এক যুবকের সাথে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং কনের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বলা হয়। এদিকে ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে বর পক্ষ কনের বাড়িতে আসার সাহস পায়নি। এসময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না এই মর্মে মেয়ের পরিবার লিখিতভাবে অঙ্গিকার করেন।

ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) এর সাথে চৌগাছা থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেটে/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন