যশোরে মাদক মামলায় তিনজনের দশ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মাদক মামলায় তিন ব্যক্তির কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার(২৬ মে) যশোর জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক প্রত্যেকের ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি এম.ইদ্রিস আলী।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামের শামসুর রহমানের ছেলে মোহাম্মদ রুবেল, যাদবপুর ঘোষপাড়া গ্রামের মনিরের ছেলে মহাসীন আলী ও উত্তর বুরুজ বাগান গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আলী হোসেন শিমুল।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ আগষ্ট রাতে র‌্যাব যশোরের সদস্যরা গোপন সংবাদ পান বেনাপোল দিয়ে তিন ব্যক্তি ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। এরই প্রেক্ষিতে তারা যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থান নেন। রাত ১০টা ১৫ মিনিটে নাভারন থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৩২৫৪) র‌্যাব থামার সংকেত দেয়। এসময় প্রাইভেটকারটি দ্রুত পালানোর চেষ্টা করে। র‌্যাব ধাওয়া করে গাড়িটি আটক করে। এরপর গাড়ি থেকে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকারের পেছনের ডালা থেকে ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। যার মূল্য দুই লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় র‌্যাব-৬ যশোরের পুলিশ পরিদর্শক অহিদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানার এসআই মতিয়ার রহমান ওই তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। সর্বশেষ বৃহস্পতিবার আদালত আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন