বাগেরহাটের মোংলায় চা বিক্রেতা আসমা বেগমকে (৩৯) ফুসলিয়ে নিয়ে গিয়ে হত্যার দুই মাস পর ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ইকরামুল শেখ খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকার মৃত নুরুল শেখের ছেলে এবং মীর আলী ঝালকাঠির নলছিটি উপজেলার দেলোটিয়া গ্রামের মৃত মোজাফফর হাওলাদারের ছেলে। মীর আলী মোংলায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গত ১৪ আগস্ট মোংলা ফেরিঘাট এলাকা থেকে আসমা বেগমকে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের কাটাখালী গ্রামে নিয়ে যান ইকরামুল শেখ ও মীর আলী। সেখানে ইকরামুলের ফাঁকা বাড়িতে রাতযাপনের পরদিন সকালে তুচ্ছ ঘটনা ও আর্থিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে হত্যা করা হয়। ঘটনার ছয় দিন পর গত ২০ আগস্ট বটিয়াঘাটা থানার কাজীবাছা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। নিহতের পরিহিত গহনা, কাপড় ও মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে। গত মঙ্গলবার বিকেলে দাকোপ থেকে ইকরামুল এবং মোংলা থেকে মীর আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাতযাপনের পর ওই নারীকে হত্যার কথা স্বীকার করেছেন।
বুধবার দুপুরে মোংলা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন ও এসআই মো. হানিফ।
খুলনা গেজেট/এএজে

