অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশের। মেগান শুটের দুর্দান্ত সুইংয়ে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ নারী দল। পরে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের ফিফটিতে লড়াই করার মতো পুঁজি পেলেও তা যথেষ্ট হয়নি। ১৭২ রানের লক্ষ্য ১৬৪ বল হাতে রেখেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো নিগার সুলতানা জ্যোতির দল।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বুধবার (১৪ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। বল হাতে শুরু থেকেই আগুন ঝরান শুট। তার সুইং সামলাতে না পেরে ১৮ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। সফরে টানা তৃতীয় ম্যাচে প্রথম ১০ ওভারের মধ্যে তিন উইকেট হারানোর বিব্রতকর ধারাও অব্যাহত থাকে।
পাওয়ারপ্লেতেই তিন উইকেট নেয়া শুট শেষ পর্যন্ত ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। তার শিকার মুর্শিদা খাতুন, শারমিন সুলতানা, নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে ৫০টি ডট বল খেলেন বাংলাদেশের ব্যাটাররা।
একপ্রান্তে নিয়মিত উইকেট পড়লেও হাল ছাড়েননি শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। দুজনের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ৯৩ বলে ৫০ রান করেন শারমিন। অন্যদিকে ১২১ বলের ইনিংসে ৫৪ রান করে ওয়ানডেতে নিজের প্রথম আন্তর্জাতিক ফিফটি তুলে নেন স্বর্ণা। তাদের লড়াইয়ে শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার হয়ে শুটের পাশাপাশি দুটি করে উইকেট নেন অ্যাশলি গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড। জবাবে রান তাড়ায় শুরুতে জর্জিয়া ভল ও বেথ মুনিকে হারালেও চাপে পড়েনি স্বাগতিকেরা। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এলিসা পেরি ও সাদারল্যান্ড। পেরি ৬৫ এবং সাদারল্যান্ড ৫২ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। ২৩ ওভারের আগেই ২ উইকেটে ১৭৫ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তাতে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় সফরও শেষ হলো তিন ম্যাচেই হারের হতাশা নিয়ে।
খুলনা গেজেট/উউরা

