বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর চর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত, বস্ত্রহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পচে-গলে যাওয়ায় মৃত ব্যক্তির বয়স ও লিঙ্গ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের বাবুয়ান এলাকায় চৌধুরী ইটভাটার উত্তর পাশে পানগুছি নদীর চরে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
পরে খবরে মোরেলগঞ্জ থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে মরদেহটি নদীতে ভেসে বেড়াচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। অবশেষে জোয়ারের পানিতে চরে এসে আটকে যায়। শরীরে কোনো কাপড় না থাকায় এবং মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় কেউ চিনতে পারেনি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, মরদেহটি গলিত হওয়ায় সুরতহাল করা কঠিন হচ্ছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পরিচয় শনাক্তে কাজ চলছে।
খুলনা গেজেট/এনএম

