বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড-কচুয়া সড়কের নরেন্দ্রপুর রাস্তার মাথায় ইটবোঝাই ট্রাক ও একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নাজিরপুর উপজেলার জুগখোলা এলাকার মো. সাব্বির (২৮) এবং কচুয়া উপজেলার পদ্মনগর এলাকার মো. বাদল (৫৪)। এ ঘটনায় আহত অপর দুইজন বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতির একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চারজন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে আহতদের অ্যাম্বুলেন্সযোগে বাগেরহাট সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে তাদের খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে অনুমোদনহীন যানবাহন চলাচলের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনার পরিদর্শন করেছে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানতে পেরেছি। পরবর্তী আইনগত অবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এএজে

