বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে নিজ বাড়ির পেছনের দক্ষিণ আমরাগাছিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন রাফি। এরপর পরিবারের সদস্যরা নানা স্থানে খোঁজ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
রাফি আকন বাগেরহাটের খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। রাফি আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তেন।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা হত্যাকান্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এনএম

