বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লেগে মো. হুসাইন শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল উপজেলার ব্রাহ্মণরাকদিয়া উত্তরপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হুসাইন শেখ ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মো. হায়দার শেখের ছেলে। তিনি পেশায় বাইসাইকেল ও ভ্যান গ্যারেজের মিস্ত্রি ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রবিবার বিকেল ৫টার দিকে হুসাইন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কাঁঠালতলায় তার নিজস্ব গ্যারেজে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের খাদ থেকে মরদেহ উদ্ধার করে।
মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে

