রবিবার । ১৭ই মে, ২০২৬ । ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩

কচুয়ার খালে অজ্ঞাত নামা বৃদ্ধার মরদেহ উদ্ধার

কচুয়া প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ার একটি খাল থেকে আনুমানিক ৬০ বছর বয়সি এক অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে কচুয়া থানার ৬ নং রাড়িপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ওই বৃদ্ধাকে হাতে একটি পোটলাসহ এলাকায় মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে তার নাম বা পরিচয় কেউ জানতেন না।

মৃতদেহের পরিচয় শনাক্ত করতে বাগেরহাট পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) টিম আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। তবে প্রাথমিকভাবে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করায় পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

থানা পুলিশ লাশটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে এবং ভবিষ্যতের জন্য ডিএনএ (DNA) স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। পরিচয় শনাক্তে মৃতদেহের ছবিসহ একটি বেতার বার্তা দেশের সব থানায় পাঠানো হয়েছে। ​

কচুয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানায়, তার পরিচয় পাওয়া না গেলে বাগেরহাট আঞ্জুমান মফিদুলের সহযোগিতায় ধর্মীয় রীতি অনুযায়ী লাশটি দাফন করা হবে। বর্তমানে এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া ও পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন