বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে দোকানীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে জুস ক্রয়কে কেন্দ্র করে মোঃ মোজাহিদ মোল্লা (৪২) নামের এক মুদি দোকানীকে ক্রেতা কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭ টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোজাহিদ মোল্লা ওই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী হিজলা ইউনিয়ন শাখার ৩ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অপরদিকে, মোজাহিদ মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হত্যাকারী মোঃ বায়জিদ শেখের বাড়িতে (৪০) হামলা চালিয়ে ভাংচুর ও বায়জিদকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত ও আহত বায়জিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বায়জিদ শেখ হিজলা খাপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে।

পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে প্রতিদিনের ন্যায় মোজাহিদ মোল্লা বাড়ির সামনে দোকানে বসা ছিলেন। এ সময় বায়জিদ শেখ নামের এক ব্যক্তি তার দোকান থেকে একটি জুস ক্রয় করেন। তিনি জুস হাতে নিয়ে বলেন এটা ভালো না। তখন দোকানী মোজাহিদ মোল্লা জুসটি খেয়ে তাকে জানায় এটা খারাপ না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বায়জিদ তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে (ঘাস কাটা এক ধরনের কাস্তে) মোজাহিদের গলায় কোপ দেয়। এতে মোজাহিদ গুরুতর আহত হল স্থানীয়রা তাকে চিতলমারী উপজলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বায়জিদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা শহর জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়রের প্রস্ততি চলছে।

নিহত বায়জিদ মোল্লার স্ত্রী এবং হাফিজ, ফারিয়া ও ফারহানা নামে তিনটি শিশু সন্তান রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন