মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাগরে জেলের জালে উঠল প্রায় দু’লাখ টাকার ভোলামাছ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বঙ্গোপসাগরে ইলিশ ধরা জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির সামুদ্রিক জাবা ভোলা মাছ। সাড়ে ১৯ কেজি ওজনের ধরা পড়া মাছটি ১ লাখ ৯০ হাজার টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মো. অলিল খলিফা। যার প্রতি কেজি মূল্য পড়েছে ৯ হাজার ৭শ’ ৪৩ টাকায়।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমারের আড়তে এই মাছটি বিক্রি হয়। এ সময় উৎসুক লোকজন ভিড় করেন।

গত বুধবার রাতে ( ১৭ আগস্ট ) সাড়ে ১৯ কেজি ওজনের ভোলা মাছ ধরা পড়ে বরগুনা জেলার পাথরঘাটা এলাকার মাছ ব্যবসায়ী মাসুমের মাছ ধরা ট্রালারে।

ইলিশ মাছ ধরা ‘এফবি আলাউদ্দিন’ ট্রলারের মাঝি জাফর বলেন, সাগরে আবহাওয়া খারাপ থাকায় জালে ইলিশ ধরা পড়ছে না। তাই বাড়ি ফেরার শেষ মুহুর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় জাবা ভোলা মাছটি পাওয়ায় খুশি হয়েছি। কারণ এই মাছটির দাম অনেক। এমনিতেই ইলিশ পাচ্ছিলাম না। এখন মোটামুটি তেলের খরচটা উঠেছে।

ভোলামাছ ক্রেতা মো. অলিল খলিফা বলেন, জাবাভোলা মাছের মন ৫ লাক্ষ টাকা। সেই হিসেবে সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ক্রয় করেছি ১ লাখ ৯০ হাজার টাকায়। এখন এই মাছটি বরফ দিয়ে পারেরহাট নেওয়া হবে, সেখান থেকে চট্রগ্রামে পাঠানো হবে। আশাকরি ৫০ হাজার টাকা লাভ করতে পারবো।

বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, জাবা ভোলা মাছটি খুবই কম পাওয়ায় যায়। বছরে দু-একটি পাওয়া যায়। মূলত: মাছের ভিতরের প্যাটা ও বালিশের কারণে দাম বেশি। আমরা শুনেছি নাকি এই মাছের প্যাটা ও বালিশ দিয়ে মেডিসিন তৈরী করে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন