টাইব্রেকারের রোমাঞ্চে কলম্বিয়াকে বিদায় করে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ের সব সমীকরণ পূর্ণ হলো সুইজারল্যান্ডের জয়ে। গোলশূন্য ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারের রোমাঞ্চে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে সুইসরা। ফলে শেষ আটে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

কানাডার ভ্যানকুভার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়—দুই পর্বেই গোলের দেখা পায়নি কোনো দল। তবে দুই গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচটি ছিল দারুণ উপভোগ্য। বিশেষ করে সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। ২১ মিনিটে গুস্তাভো পুয়ের্তার বাঁকানো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন কোবেল। পরে হামেস রদ্রিগেজের কর্নার থেকেও বিপদ সামাল দেন তিনি।

প্রথমার্ধের মাঝামাঝি থেকে ছন্দে ফেরে সুইজারল্যান্ড। ৩১ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন ফ্যাবিয়ান রাইডার। তবে একান্ত সুযোগে তাঁর শট অসাধারণভাবে ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস।

বিরতির পরও গোলের জন্য মরিয়া ছিল দুই দল। ৫১ মিনিটে রাইডারের জোরালো শট অল্পের জন্য সাইড-নেটে লাগে। অন্যদিকে ৬৩ মিনিটে লুইস সুয়ারেজ গোলের সুবর্ণ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচের সেরা সুযোগ নষ্ট করে সুইজারল্যান্ড। ম্যানুয়েল আকানজির থ্রু পাস থেকে ড্যান এনডয়ের শট গোলপোস্টের পাশ ঘেঁষে বাইরে চলে যায়।

অতিরিক্ত সময়েও উত্তেজনা কমেনি। ১০১ মিনিটে কলম্বিয়ার কাম্পাজের নিচু শট অবিশ্বাস্য দক্ষতায় প্রতিহত করেন কোবেল। তাঁর সেই সেভই ম্যাচকে গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে অবশ্য স্নায়ুচাপ ভালোভাবে সামলায় সুইজারল্যান্ড। ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করে তারা।

এদিকে শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ৩-২ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন