‘রেফারি আমাদের জিততে দিতে চাননি’, বিস্ফোরক অভিযোগ জিকোর

গেজেট প্রতিবেদন

আর্জেন্টিনার বিপক্ষে হৃদয়ভাঙা হারের পর ক্ষোভে ফেটে পড়েন মিসরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।

ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জিকো বলেন, রেফারির সিদ্ধান্তগুলো মিশরের বিপক্ষেই গেছে। তাঁর ভাষায়, “রেফারি ভালো ছিলেন না, তিনি অন্যায় করেছেন। শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে ছিলেন। তিনি আমাদের জিততে দিতে চাননি।”

আবেগাপ্লুত জিকো সাক্ষাৎকারে কোরআনের আয়াত ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ পাঠ করে বলেন, “আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। একজন রেফারি একটি জাতির পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।”

এতেই থেমে থাকেননি ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি আরও দাবি করেন, “এটা ন্যায্য ছিল না। মনে হচ্ছে এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই নির্ধারিত। আর্জেন্টিনাকে অভিনন্দন, মনে হচ্ছে তারাই বিশ্বকাপ জিতবে।”

মিসর শিবিরের ক্ষোভের মূল কারণ ছিল ম্যাচের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত। দ্বিতীয়ার্ধে জিকোর করা একটি গোল ভিএআরের পর বাতিল করা হয়। এছাড়া নিজেদের পক্ষে সম্ভাব্য পেনাল্টির আবেদনও নাকচ হওয়ায় ক্ষুব্ধ হয় ফারাওরা। এসব সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন জিকো ও তাঁর সতীর্থরা।

তবে জিকোর এসব মন্তব্যের বিষয়ে ফিফা বা ম্যাচ রেফারির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে আর্জেন্টিনা শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন