ম্যাচ জিতেও কেপ ভার্দেকে কুর্নিশ মেসির

ক্রীড়া প্রতিবেদক

রেকর্ড গড়ার রাত, কিন্তু আলোচনার বড় অংশজুড়ে জায়গা করে নিল কেপ ভার্দের দুর্দান্ত লড়াই। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নবাগত আফ্রিকান দলটিকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে অতিরিক্ত সময়ে গড়ানো এই রুদ্ধশ্বাস ম্যাচ শেষে নিজের অর্জনের চেয়ে প্রতিপক্ষের লড়াকু মানসিকতার কথাই বেশি বললেন লিওনেল মেসি।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চলতি বিশ্বকাপে নিজের সপ্তম গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই গোলেই বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি। তবু ম্যাচ শেষে মেসির কণ্ঠে ছিল কেপ ভার্দের প্রতি অকুণ্ঠ প্রশংসা।

তিনি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা অনেক কঠিন হবে। এই দলটি গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো দলকে হারতে দেয়নি। প্রথম গোলটি করে আমরা ভেবেছিলাম এরপর হয়তো নিজেদের ছন্দ খুঁজে পাব এবং কিছুটা স্বস্তিতে খেলতে পারব। কিন্তু হয়েছে ঠিক উল্টো। ওরা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিল।’

এই ম্যাচে আরেকবার উপলব্ধি হয়েছে, বিশ্বকাপে ছোট দল বলে কিছু নেই। মেসিও সেটিই মনে করিয়ে দিলেন। তিনি বলেন, ‘নকআউটে কেউ কাউকে কিছু উপহার দেয় না। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি। এখন বিশ্ব ফুটবল অনেক বেশি ভারসাম্যপূর্ণ। প্রতিটি ম্যাচই কঠিন। আমাদের এখন বিশ্রাম নিতে হবে, সামনে কী আছে সেটা ভাবতে হবে। আমরা অনেক ভালো কিছু করেছি, আবার কিছু ভুলও শুধরে নিতে হবে।’

নিজ দলের সমালোচনা করে মেসি বলেন, ‘আমরা ঠিকমতো প্রেসিং করতে পারিনি। রক্ষণভাগ ও মাঝমাঠের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ও কিছুটা কম ছিল। আর ওরা যেভাবে শারীরিক শক্তি নিয়ে খেলেছে, সেই তীব্রতার সঙ্গে তাল মেলাতে আমাদের কষ্ট হয়েছে।’

কেপ ভার্দের কঠিন বাধা পেরিয়ে এবার শেষ ষোলোতে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ৭ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১০টায় কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে সালাহ-মারমুশদের বিপক্ষে মাঠে নামবেন মেসি-ডি পলরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন