বিশ্বকাপের নকআউট মঞ্চেও নিজেদের ছন্দের একটুও ব্যত্যয় ঘটতে দিল না স্পেন। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই ম্যাচে স্প্যানিশদের ফুটবল ছিল গতিময়, পরিপাটি এবং আক্রমণাত্মক।
শুরু থেকেই বলের দখল, পাসিং আর আক্রমণের ধার দিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় স্পেন। একের পর এক আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণকে ব্যতিব্যস্ত করে তুললেও গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৬ মিনিট পর্যন্ত।
তার আগে অবশ্য একবার বল জালে পাঠিয়েছিলেন মার্ক কুকুরেয়া। তবে কর্নারের সময় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর স্পেনের এক খেলোয়াড় ফাউল করেছেন বলে গোলটি বাতিল করে দেন রেফারি।
গোল বাতিলের হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৬ মিনিটে কুকুরেয়ার নিখুঁত পাস থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধের বাকি সময়েও ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্পেন। কিন্তু শ্লাগারের দারুণ সেভ এবং একবার পোস্টে বল লাগায় আর গোল পাওয়া হয়নি।
বিরতির পরও ম্যাচের চিত্র বদলায়নি। অস্ট্রিয়া বল দখলে কিছুটা উন্নতি করলেও আক্রমণে ধার দেখাতে পারেনি। উল্টো স্পেন আরও আত্মবিশ্বাসী হয়ে আক্রমণ চালাতে থাকে।
এরই ফল আসে ৬৬ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে উঠে আসা আলেক্স বায়েনার দুর্দান্ত ক্রসে উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেডে বল জালে পাঠান ডিফেন্ডার পেদ্রো পোরো। দুই গোলের লিডে আরও স্বস্তিতে চলে যায় স্প্যানিশরা।
ম্যাচের শেষ দিকেও থেমে থাকেনি স্পেন। ৮৯ মিনিটে আবারও কুকুরেয়ার তৈরি করা সুযোগ কাজে লাগান ওইয়ারসাবাল। বক্সের ভেতরে পাওয়া বল সহজেই জালে জড়িয়ে নিজের দ্বিতীয় এবং চলতি বিশ্বকাপে চতুর্থ গোলটি করেন তিনি। সেই গোলেই ৩-০ ব্যবধানে নিশ্চিত হয় স্পেনের বড় জয়।
পুরো ম্যাচে স্পেনের আক্রমণ, বলের নিয়ন্ত্রণ এবং রক্ষণে শৃঙ্খলার সামনে অস্ট্রিয়া কার্যত অসহায় হয়ে পড়ে। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটি।
খুলনা গেজেট/এনএম

