বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তির খবর শুনেছে মিশর। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আবারও দলের অনুশীলনে ফিরেছেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। এতে তার মাঠে নামার সম্ভাবনা জোরালো হয়েছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন সালাহ। এরপর তাকে মাঠ ছাড়তে হয়। পরীক্ষায় হালকা চোট ধরা পড়ায় নকআউট ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
তবে সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দেন সালাহ। অনুশীলনের ছবি প্রকাশ করে মিশর ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘রাজা ফিরেছেন।’
যদিও পুরো অনুশীলন শেষ করেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড, তবু সতীর্থদের সঙ্গে আংশিক অনুশীলনে অংশ নেওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন কোচিং স্টাফ।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন সালাহ। তার নেতৃত্বেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে মিশর।
আগামী ৩ জুলাই ডালাসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। সেই ম্যাচে সালাহ একাদশে ফিরতে পারলে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে দলটি বড় শক্তি ফিরে পাবে।
খুলনা গেজেট/এনএম

