ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের শুরুতে ছন্দ খুঁজে পেতে বেশ ভুগতে হয় দলটিকে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা খেলায় ফিরতে সক্ষম হয় এবং নিজেদের পারফরম্যান্সের উন্নতি ঘটায়।
তবুও পুরো ম্যাচের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ব্রাজিল এখনও তাদের সেরা ফুটবল থেকে অনেকটাই দূরে রয়েছে। আক্রমণ ও মাঝমাঠে কিছু ইতিবাচক মুহূর্ত দেখা গেলেও দলগত সমন্বয় এবং ধারাবাহিকতার ঘাটতি স্পষ্ট ছিল।
ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেন, প্রথমার্ধে দল কিছুটা উদ্বিগ্ন ছিল এবং অনেক ভুল করেছে। তবে দ্বিতীয়ার্ধে উন্নতি হয়েছে। ফলাফলকে পুরোপুরি সন্তোষজনক না জানিয়ে তিনি বলেন, গ্রুপ পর্বের শুরুতে ড্র খারাপ কিছু নয় এবং দল ধাপে ধাপে আরও উন্নতি করবে।
তিনি আরও বলেন, দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, আত্মবিশ্বাস হারানো যাবে না। প্রথম ম্যাচের পর আমরা ভাবতে পারি না যে দলটি নিখুঁত। এই ফল আমরা মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও লড়াই করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।
প্রথমার্ধে খারাপ খেলার পেছনে স্নায়ুচাপকেও দায়ী করেন ব্রাজিলিয়ান কোচ বলেন, আমার মনে হয় প্রথমার্ধটা কঠিন ছিল। দল কিছুটা স্নায়ুচাপে ভুগেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। ম্যাচটাও ছিল কঠিন। তবে আমি বিশ্বাস করি, পরের ম্যাচে দল আরও উন্নতি করবে।’
তিনি আরও বলেন, দল শেষ মিনিট পর্যন্ত লড়েছে। ইতিবাচক বিষয় হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে, সেটা এখন পরিষ্কার। আরও ভারসাম্যপূর্ণ এবং আক্রমণভাগে আরও আগ্রাসী দল গড়ে তুলতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।
এদিকে ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, ভিনি ভালো খেলেছে, সে বিপজ্জনক ছিল। তার যে মান ও সামর্থ্য, আমি বিশ্বাস করি সে দারুণ একটি বিশ্বকাপ কাটাবে।
খুলনা গেজেট/এনএম

