২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলও দেখে ফেলল বিশ্ব। বিশ্বকাপের চতুর্থ ম্যাচেই হলো আত্মঘাতী গোল। গ্যালারিভর্তি মার্কিন দর্শকদের চিৎকারের মাঝেই ম্যাচের সপ্তম মিনিটে ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন প্যারাগুয়ের সেন্ট্রাল মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। আর এই ভুলেই ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের খতিয়ানে নিজের নাম তুললেন তিনি।
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচকে ঘিরে উন্মাদনার শেষ নেই। পুরো স্টেডিয়াম টইটুম্বুর। সমর্থকদের উল্লাস শুরুতেই দ্বিগুণ করে দিয়েছেন ফুটবলাররা। শুরুর আক্রমণে গোলও পেয়ে গেছেন তারা।
মাঝমাঠ দিয়ে ম্যাকেনির সাহসী দৌড় বামদিকে পুলিসিচকে খুঁজে নেয়। পুলিসিচ গোলের দিকে পথ করে এগিয়ে যান এবং তার ডানদিকে ম্যাকেনিকে বল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু রানিংয়ে থাকা বোবাদিয়ার পায়ের পেছনে লেগে নিজেদের পোস্টে চলে যায়। গোলরক্ষকের দর্শক হয়ে ছাড়া কিছুই করার ছিল না। ম্যাচের শুরুতেই গোল পেয়ে দর্শকরা হয়ে উঠেন আনন্দে আত্মহারা।
এখন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণে আছে যুক্তরাষ্ট্র। ধারাবাহিক আক্রমণে প্যারাগুয়ের রক্ষণ কাঁপিয়ে রাখছেন তারা।
খুলনা গেজেট/এনএম

