দিল্লির কাছে গ্রেটার নয়ডাতে এসি বাসে আগুন, নিহত ৯

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

দিল্লির কাছে গভীর রাতে যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার জেওয়ার এলাকায় এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক জন মহিলা। আহত একাধিক। বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আগুন লাগার সময় অধিকাংশই ঘুমোচ্ছিলেন।

পুলিশের দাবি নয়ডা থেকে উত্তরপ্রদেশের মাহোবার দিকে যাচ্ছিল বাসটি। দয়ানতপুর গ্রামের কাছে যমুনা এক্সপ্রেসওয়ের উপর আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। ঘন ধোঁয়ায় বাসের ভিতর কার্যত কিছুই দেখা যাচ্ছিল না। আতঙ্কে যাত্রীরা একে অপরকে ঠেলাঠেলি করে বেরোনোর চেষ্টা করেন। অনেকে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান।

প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দরজায় ধাক্কার শব্দে ঘুম ভাঙে। উঠে দেখেন, বাসের ভিতরে তখনই হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে। কোনও জিনিসপত্র নেওয়ার সুযোগ পাননি তিনি। এমনকি জুতোও পরতে পারেননি। শুধু ফোনটি নিয়ে কোনও মতে বাস থেকে বেরিয়ে আসেন। তাঁর কথায়, চারদিকে এত ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীরা একে অপরকে ঠেলে বাইরে বেরোনোর চেষ্টা করছিলেন। পিছনে থাকা অনেকেই সম্ভবত বেরোতে পারেননি।

এদিকে আগুনের খবর পেয়ে জেওয়ার থানার পুলিশ এবং দমকলের দল ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় উদ্ধার ও আগুন নেভানোর কাজ। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বাসটির ভিতরে আটকে থাকা যাত্রীদের খোঁজে তল্লাশিও চালানো হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কী কারণে বাসটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আগুন লাগার সময় বাসটি চলন্ত অবস্থায় ছিল বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন। সমবেদনা জানান মৃতদের পরিবারের প্রতি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি মৃতদের পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। আপাতত ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও দমকল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন