পশ্চিমবঙ্গের মালদহের প্রবীণ সাংবাদিক ও কলকাতার ‘সংবাদ প্রতিদিন’-এর মালদহ জেলা প্রতিনিধি বাবুল হক রবিবার (৯ আগস্ট) ভোরে প্রয়াত হয়েছেন। এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ মালদহের সুজাপুরে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
মালদহের বিশিষ্ট এই সাংবাদিক সুজাপুরের চাষপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং সপরিবারে সেখানেই বসবাস করতেন।
আটের দশকে মালদহের সাংবাদিকতায় পা রাখেন বাবুল হক। পরবর্তীতে তিনি একাধিক সংবাদপত্রে কাজ করেছেন। তার ক্ষুরধার লেখনিতে সমাজের নানা স্তরের সংবাদ হয়ে উঠত জীবন্ত, যা পাঠকদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিল। দেখতে দেখতেই তিনি মালদহের একজন খ্যাতিমান সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন।
সকলের প্রিয় এই মানুষটি দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। রবিবার ভোরে তার প্রয়াণের পর মরদেহ নিয়ে যাওয়া হয় মালদহ প্রেস কর্নারে। সেখানে প্রবীণ ও নবীন সাংবাদিক এবং আলোকচিত্র সাংবাদিকেরা উপস্থিত হয়ে ভারাক্রান্ত মনে তাকে শেষ শ্রদ্ধা জানান। তার স্মৃতিচারণ করতে গিয়ে সহকর্মীরা উল্লেখ করেন যে, বাবুল হকের মৃত্যু মালদহের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তার প্রয়াণে কলকাতা প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছে।
খুলনা গেজেট/এএজে

