শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষকতায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই কৃতী শিক্ষক। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের হাতে সম্মাননা স্মারক, চেক ও সনদপত্র তুলে দেন।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান।
বুধবার (৭ অক্টোবর) সকালে এ দুই কৃতী শিক্ষক খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাঁদের মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপাচার্য বলেন, শিক্ষকদের মেধা, নিষ্ঠা ও গবেষণার মাধ্যমে অর্জিত সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয় বরং তা বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও গৌরবের। এ ধরনের জাতীয় স্বীকৃতি শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মাননাপ্রাপ্ত এ দুই শিক্ষক তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খুলনা গেজেট/এএজে

