দুর্বৃত্তদের হামলায় আহত পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

গেজেট প্রতিবেদন

দুর্বৃত্তদের হামলায় আহত পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার হাসপাতালটিতে গিয়ে তিনি শাহ আলমের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহত পুলিশ কর্মকর্তার সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।

একই সঙ্গে এ হামলায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহত পুলিশ কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদেরও এ বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশ পরিদর্শক শাহ আলম খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত। বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করা হয়।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাকে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন