ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মিলন কুমার ভদ্র (৫৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন কুমার ভদ্র ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের গাবতলা এলাকার উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তিনি গাবতলা বাজারে স্বর্ণ ব্যবসার পাশাপাশি নার্সারি ব্যবসাও করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মোটরসাইকেল চালিয়ে খুলনা শহরের উদ্দেশে রওনা হন মিলন ভদ্র। মহাসড়কের এক পাশে সংস্কার কাজ চলায় তিনি অপর পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৩৬) তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

মিলন কুমার ভদ্রের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন