পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের জয়োল্লাস

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়াঙ্গনে হতাশার দিন পার করার পর আজ সুখবর দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মেয়েদের ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে বাংলাদেশ তুলে ১১৭ রান। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রান করে স্বাগতিকরা। বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশার। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন টাইগ্রেস ওপেনার মাইমুনা নাহার। আরেক ওপেনার অচেনা জান্নাত করেন ৬ বলে ৬ রান। আর দলনেতা সাদিয়া ইসলামের ব্যাট থেকে আসে ১২ রান। এদিকে ১৮ বল খেলে ৭ রান করেন বিবি আয়েশা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংসটি খেলে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন নিশিতা আক্তার নিশি। এছাড়া ফারজানা ইয়াসমিন ৫, কুমারি শ্রাবণী রানি ১২ ও অদ্রিতা নওশিন ৬ রান করেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাহনুর জাইব। দুটি উইকেট পেয়েছেন রোজিনা আকরাম। একটি করে উইকেট নেন দুজন বোলার। রান তাড়া করতে নেমে ইতিবাচক ব্যাট করতে থাকেন দুই পাকিস্তানি ওপেনার। ১২ বলে ১৭ রান করেন রাভাইল ফারহান। আরেক ওপেনার কোমল খানের ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৯ রান। এরপর যেন খেঁই হারিয়ে ফেলে পাকিস্তান। দুই ওপেনার ছাড়া দুই অঙ্কের ঘর স্পশ করতে পেরেছেন কেবল জোফিসান আইয়াজ (১২)।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার নিশিতা আক্তার নিশি। ৪ ওভার বল করে ১৬ রানের খরচায় দুটি উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন ফারজান ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন