মেসির বিদায়ের আগেই আর্জেন্টিনা পেল নতুন ‘লিওনেল’

ক্রীড়া প্রতিবেদক

লিওনেল মেসি ইতোমধ্যেই বিদায়ের ঘোষণা দিয়েছেন। তার শূন্যতা পূরণ করা যে সহজ হবে না, সেটি জানেন আর্জেন্টিনা কোচ। তবে মেসির পরের প্রজন্ম নিয়ে আশাবাদী হতে পারেন লিওনেল স্কালোনি। বলিভিয়ার বিপক্ষে ৪–০ গোলের জয়ে সেই আশারই নতুন এক নাম—লিওনেল ফ্লোরেস।

১৯ বছর বয়সী এই তরুণ বোকা জুনিয়র্সের রাইট উইঙ্গার। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে অভিষেক হয়েছে তার। মাঠে নেমেই নজর কেড়েছেন দুর্দান্ত ড্রিবলিংয়ে। তিনজন বলিভিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়ার দৃশ্যটি ছিল তার সামর্থ্যের বড় প্রমাণ।

বোকা জুনিয়র্সের মূল দলে এখন পর্যন্ত মাত্র ১৭ ম্যাচ খেলেছেন ফ্লোরেস। চলতি বছর রিজার্ভ দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর পেশাদার ফুটবলে নিজের জায়গা করে নেন তিনি।

অভিষেকের পর ফ্লোরেসের প্রশংসা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তরুণ এই ফুটবলারকে সময় দিয়ে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি। স্কালোনি বলেছেন, ‘লিও এটা খুব ভালোভাবে করছে। এখন আমাদের তাকে রক্ষা করতে হবে। তাকে দেখে রাখতে হবে এবং সঠিকভাবে তাকে সামলাতে হবে।’

ফ্লোরেসকে ফ্রাঙ্কো মাস্তানতুওনোর সঙ্গে তুলনা করে স্কালোনি আরও বলেন, ‘সে এমন একজন প্রতিভা, যাকে যত্ন করতে হবে, ঠিক মাস্তানতুওনোর মতো। তাহলেই তারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে।’

জাতীয় দলে অভিষেককে স্বপ্নপূরণ হিসেবে দেখছেন ফ্লোরেস। তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি এই স্বপ্ন দেখেছি এবং এর জন্য চেষ্টা করে এসেছি। আমার পরিবারের জন্য আমি খুবই খুশি। তারা সব সময় আমার পাশে ছিল। এখন আরও এগিয়ে যাওয়ার পালা।’

মাঠে নামার আগে স্কালোনির দেওয়া পরামর্শও মেনে চলেছেন ফ্লোরেস। তার ভাষায়, ‘তিনি আমাকে বলেছিলেন, বোকায় আমি যা করি, সেটাই করতে। আমি ঠিক সেটাই করেছি। আত্মবিশ্বাস ও শান্ত থেকে খেলেছি।’

খুলনা গেজেট/উউরা

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন