টি-টোয়েন্টিতে ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাসের পাতায় আরও একবার নাম লেখালেন ভারতের স্পিনার শ্রী চারানি। দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক ছোঁয়া এই বাঁহাতি স্পিনার এবার গড়েছেন বিশ্বরেকর্ড। মেয়েদের টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্টের মালিক এখন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন চারানি। সর্বশেষ হালনাগাদে তার রেটিং পয়েন্ট বেড়েছে ১৮। ২২ বছর বয়সি এই স্পিনারের বর্তমান রেটিং পয়েন্ট ৮১৭।

এর আগে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার পেসার মেগান শুটের দখলে। তার সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৮০৬। শুটকে ছাড়িয়ে এবার নতুন রেকর্ড গড়লেন চারানি।

চারানি ও শুটের বাইরে মেয়েদের টি-টোয়েন্টিতে আর মাত্র একজন বোলার ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক ছুঁতে পেরেছেন। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোনের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৮০২।

সম্প্রতি এশিয়ান গেমসে ভারতের সোনা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন চারানি। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে মাত্র ১৩ রান খরচ করে ২ উইকেট নেন তিনি। পুরো আসরে তিন ম্যাচ খেলে তার শিকার ৮ উইকেট।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে চারানির পর দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের দীপ্তি শার্মা। ফাইনালে ৩ উইকেট নেওয়া এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৭৫৪। ৭২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।

এদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠে এসেছেন ভারতের স্মৃতি মান্ধানা। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ৭৯ রানের ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটার এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন।

ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও বড় পরিবর্তন এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ১৮২ রানের ইনিংস খেলে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন ম্যাথিউস। ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন স্মৃতি মান্ধানা। বোলারদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং এবং অলরাউন্ডারদের মধ্যে এক নম্বরে আছেন অ্যাশলি গার্ডনার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন