সাতক্ষীরায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের দেবনগর মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম তানভীর আহমেদ শুভ (২০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। নিহত শুভ থানাঘাটা মোড়ে মেসার্স শুভ মেডিকেল হলের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের দেবনগর মোড়ে ব্রিজের কাছাকাছি এলাকায় মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক যুবক শুভ ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় প্রাইভেটকারটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

