সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছাঃ মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা। সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশগ্রহণকারিরা এসময় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ ও ফাঁসির দাবি জানিয়ে সরকারের কাছে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচন দেওয়ার জোর দাবি জানান। এসময় তারা গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মন্টু, আবুল কালাম মোড়ল, রেজাউল ইসলাম, আনিসুর রহমান, নুরনগরের আবুল ইউসুফসহ শ্যামনগর উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তারা অভিযোগ করে বলেন, গাজী নজরুল নির্বাচনের সময় সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে ভোট নিয়েছেন। নির্বাচন পরবর্তী তার প্রতিশ্রুতি ও বিভিন্ন কর্মকাণ্ড রিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ রয়েছে বলে দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, মরিয়মের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। মরিয়মের মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে তার আত্মহননের প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। একই সাথে মরিয়ম খাতুনের আত্মহননে প্ররচনাকারি গাজী নজরুল ইসলাম সহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। বিক্ষোভের একপর্যায়ে সড়কের মাঝখানে রেখে গাজী নজরুলের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করে তাতে আগুন ধরিয়ে দেন তারা।
এদিকে, মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রসঙ্গত, সম্প্রতি জামায়াত থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক কিশোরীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে। এসময় ওই কিশোরীকে বিয়ে এবং কাবিননামা নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসে। এক পর্যায়ে রোববার রাজধানীর ন্যাম ফ্ল্যাট থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সেখানে পাওয়া যায় বেশ কিছু সুইসাইড নোট। যাতে গাজী নজরুলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ এনেছেন মরিয়ম।

