ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুরে যুবকের মরদেহ উদ্ধার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত কাশেম সরদার উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামের সোহরাব সরদার ও সখিনা বেগমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, কাশেম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। এর আগেও তিনি একাধিকবার পরিবারকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন এবং কয়েকদিন পর ফিরে আসতেন। মরদেহ উদ্ধারের পর তাঁর চাচা মোস্তফা সরদার থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার হাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার জানিয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন