আজ ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালন করেন। হযরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।
সৌদি আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী (সাঃ) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।
মহানবী’র (সাঃ)-এর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই তিনি বাবাকে হারান এবং ছয় বছর বয়সে মাতৃহারা হন।
সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-কে সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ।
বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক সদ্গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল হজরত মুহাম্মদ (সাঃ) এর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত।
পবিত্র এ দিবসটি উপলক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, বেশি বেশি দরুদ পাঠ, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করবেন। অনেকে এই দিনে নফল রোজা রাখেন।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং বেসরকারি সংস্থাসমূহ নিজ নিজ উদ্যোগে জাতীয় কর্মসূচির আলোকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার সকল মসজিদে জেলা ও উপজেলা প্রশাসন এবং মসজিদ কমিটির সহযোগিতায় নিজস্ব ব্যবস্থাপনায় অনুরূপ কর্মসূচি পালিত হবে। খুলনা জেলা প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছে।
এদিকে দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
খুলনা জেলা প্রশাসন : সকাল সাড়ে নয়টায় খুলনা শিশু একাডেমিতে হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক গ্রুপ: প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি, খ গ্রুপ: পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি ও গ গ্রুপ: অষ্টম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বেলা দুইটায় শিশু বিকাশ কেন্দ্রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় খুলনা শিশু একাডেমিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কেসিসি : খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানবী (সা.)-এঁর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, শিক্ষার্থীদের কিরাত, হামদ-না’ত ও বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা বিশ্ববিদ্যালয় : পহেলা সেপ্টেম্বর বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং পরবর্তী সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও মহানবী (সাঃ)-এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
কুয়েট : সূর্যোদয়ের সাথে সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস চ্যান্সেলরের বাসভবন ও হল সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং আসর বাদ বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
খুলনা প্রেসক্লাব : দুপুর ১২টায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল, সোয়া ১২টায় প্রেসক্লাবের সদস্যদের জন্য বৈজ্ঞানিক জীবনযাপন ও ইসলাম বিজ্ঞান মেডিটেশন বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএজে

