রাঙামাটির মানিকছড়িতে একটি পিকআপ ভ্যান উল্টে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোরে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেঘরানী চাকমা, শোভা চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। এ ছাড়া দুর্ঘটনায় দুজন পুরুষ আহত হয়েছেন।
জানা গেছে, রাঙামাটি থেকে কুতুকছড়ি বাজারে যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনায় ঘটে। এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল পিকআপটি। মানিকছড়ি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে পিকআপ চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন আগেই মারা গেছেন। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয় এবং অন্য দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখছে পুলিশ।
খুলনা গেজেট/এনএম

