গোপালগঞ্জে খাল থেকে ভাসমান অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মিটু খলিফা নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১৬ আগষ্ট) সকালে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যের কান্দি গ্রামের একটি খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিটু খলিফা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামের রশিদ খলিফার ছেলে।

নিহতের চাচাতো ভাই শাহাদাত হোসেন জানান, গতকাল শনিবার (১৫ আগষ্ট) বাড়ির অদূরের জমিতে পাট কাটতে যান মিটু খলিফা। পাট কাটা শেষে খাল সাঁতরে বাড়িতে আসার সময় নিখোঁজ হন তিনি। এসময় পরিবারের লোকজন খোঁজ করেও সন্ধান না পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসও খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরে আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মিটু খলিফার মরদেহ শনাক্ত করি।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব জানান, আজ সকালে মুকসুদপুর উপজেলার ভট্টাচার্যের কান্দি গ্রামের খালে কৃষক মিটু খলিফার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন