জবাবদিহিতা থাকলে জনগণের জন্য ভালো কাজ করা সম্ভব: প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

জবাবদিহিতা থাকলে দেশের মানুষের জন্য ভালো কাজ করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জবাবদিহিতা থাকলে সরকার এমন পদক্ষেপ নেবে, যাতে জনগণের কল্যাণ ও দেশের উপকার হয়। শনিবার (১৫ আগস্ট) মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ওই সময়ে দেশের অর্থনীতি, শিক্ষা ও কৃষি ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। মেগা প্রকল্পে চার-পাঁচগুণ বেশি অর্থ ব্যয় করে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। স্বাস্থ্যব্যবস্থাকেও একটি দেশের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে ওই সরকারের পতন ঘটিয়েছে এবং পরে ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকার নির্বাচিত করেছে। নির্বাচনের আগে বিএনপির দেয়া ৩১ দফায় অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পরিকল্পনা তুলে ধরা হয়েছিল বলেও জানান তিনি।

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত ছয় মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এতে বিভিন্ন এলাকার মানুষ পানির সুবিধা পাচ্ছেন এবং কৃষকরা সেচ সুবিধা পাচ্ছেন। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে বছরে একটি করে নতুন স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, দেশের ৫০৩টি উপজেলা হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে।

দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য আগের সরকারের রেখে যাওয়া প্রায় তিন লাখ কোটি টাকার দেনার কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, গত ১৭ বছরে দেশে নতুন কোনো গ্যাসকূপ খনন করা হয়নি। গ্যাস খাতের নিয়ন্ত্রণ দেশের হাতে রাখতে বাপেক্সের মাধ্যমে গ্যাস অনুসন্ধান ও খনন কার্যক্রম জোরদার করা হবে।

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দুটি এলএনজি স্টোরেজ জাহাজের একটি দুর্ঘটনার কবলে পড়ায় সমস্যা তৈরি হয়েছে। এর কারিগরি ত্রুটি সারানো হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তৃতীয় এলএনজি জাহাজ আনার উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন দ্রুত জাহাজ তৈরির চেষ্টা করছে। পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও গ্যাস সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনার জবাবে তারেক রহমান বলেন, সরকারের চেয়ে ভালো পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে তুলে ধরতে হবে। আগামী ছয় মাসের মধ্যে সমস্যা সমাধান করতে পারে, এমন কোনো কার্যকর পরিকল্পনা পেলে সরকার তা বাস্তবায়ন করবে বলেও চ্যালেঞ্জ দেন তিনি।

আগামী সংসদে আগামী ১০ বছরে দেশের জ্বালানি সংকট সমাধানে বিএনপির পরিকল্পনা তুলে ধরার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ আমি কী পেলাম সেটি বড় কথা নয়, দেশ ও দেশের মানুষকে কী দিতে পারলাম সেটিই বড় কথা।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন