মানুষের পাশাপাশি আল্লাহর সৃষ্টি প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ছোট ছোট মানবিক উদ্যোগই একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি। একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় শক্তি তার মানবিক আচরণ, সততা, আত্মসমালোচনা ও জনগণের প্রতি আন্তরিক সেবা। তাই বিভেদ নয়, ঐক্য; প্রতিশোধ নয়, ক্ষমা ও সংশোধন এবং ক্ষমতার প্রদর্শন নয়, সেবার মনোভাব এই মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে।
শনিবার (১ আগস্ট) সকাল ১০ টায় কেএমপি পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত গ্র্যান্ড কল্যাণ সভা ও এক সুশৃঙ্খল, বর্ণিল ও হৃদয়ছোঁয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিদায়ী পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। তার বদলিজনিত কারণে কেএমপির পক্ষ থেকে এই আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কমিশনার ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার গৌরবোজ্জ্বল কর্মকালের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রতিটি কর্মস্থল কিছু স্মৃতি, কিছু অর্জন এবং কিছু অনন্য মানুষের সাক্ষী হয়ে থাকে। বদলিজনিত কারণে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের বিদায় তাই খুলনা মহানগর পুলিশের জন্য এক অত্যন্ত আবেগঘন মুহূর্ত। দায়িত্ব পালনের পুরো সময়জুড়ে তিনি পেশাদারিত্ব, সততা, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনবান্ধব পুলিশিং, পুলিশ সদস্যদের কল্যাণ এবং জনগণের আস্থা অর্জনে তার আন্তরিক প্রচেষ্টা সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, তিনি আমাদের শিখিয়েছেন, একজন ভালো পুলিশ কর্মকর্তা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি। তার নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ খুলনা মহানগর পুলিশের প্রতিটি সদস্যের জন্য আজীবন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিদায়ী পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ, মানসিক সুস্থতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি খুলনা মহানগর পুলিশে কর্মরত সকল সদস্যের আন্তরিকতা, ত্যাগ ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণ, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আবেগঘন এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, এম, এম শাকিলুজ্জামানসহ কেএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।
খুলনা গেজেট/এএজে

