বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সামর্থ্য সীমিত হলেও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার অবিচল। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মাধ্যমে পুনাক সাধারণ মানুষের পাশে থাকবে। শুক্রবার (৩১ জুলাই) সকালে খুলনা মহানগরীর দৌলতপুরে এলাকাবাসীর জন্য নিরাপদ সুপেয় পানির গভীর নলকূপ উদ্বোধনকালে এ কথা বলেন পুনাক (ঢাকা)-এর সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর থানাধীন পাবলা সবুজ সংঘ মাঠে পুনাকের উদ্যোগে স্থানীয় জনগণের বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে এই বিশেষ মানবিক কার্যক্রমের সূচনা করা হয়। প্রধান অতিথি প্রফেসর নাসিমা ফেরদৌসী আনুষ্ঠানিকভাবে গভীর নলকূপটির শুভ উদ্বোধন করেন এবং মাঠ প্রাঙ্গণে একটি ‘ক্রিসমাস ট্রি’-র চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নাসিমা ফেরদৌসী আরও বলেন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা পুনাকের মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। খুলনা অঞ্চলে লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। এ অঞ্চলের মানুষ হিসেবে আমি নিজেও সেই বাস্তবতার সঙ্গে পরিচিত। স্থানীয় মানুষের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই পুনাকের উদ্যোগে এই গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের কার্যক্রম তুলে ধরে পুনাক সভানেত্রী বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পুলিশ পরিবারের কল্যাণ, নারী উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ পরিবারের নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই, কম্পিউটার ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি পুনাক বিনামূল্যে চক্ষু শিবির, ছানি অপারেশন, থ্যালাসেমিয়া পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নসহ নানামুখী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুনাক কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী যথাক্রমে সাবিনা আওলাদ, তানভীন সুমি, নাজমুন নাহার, খন্দকার আইরিন পারভীন ও শারমীন সিদ্দিকা, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা মাবিয়া সুলতানা, কোষাধ্যক্ষ নাসরিন সুলতানা, সমাজকল্যাণ সম্পাদিকা আসমা খানম, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদিকা উম্মে হাসনাত শাহনাজ, যোগাযোগ সম্পাদিকা হেলেন মোশাররফ, উৎপাদন সম্পাদিকা ফারজানা জামান, আইন সম্পাদিকা নাজমুন নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদিকা লিমা আক্তার এবং দপ্তর সম্পাদিকা ফেরদৌসী খানম (জুঁই)-সহ খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান তার ধন্যবাদ ও দিকনির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
খুলনা গেজেট/এএজে

