খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া ১২টার দিকে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই গুলির ঘটনা ঘটে। নিহত ইসমাইল বড় খালপাড় এলাকার শাজাহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা অনুসন্ধানে মাঠে নেমেছে খুলনা থানা পুলিশ।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

