দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন— নড়াইল জেলার কালিয়া উপজেলার সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন, তাদের দুই বছরের কন্যাসন্তান মায়মুনা এবং ফারজানার বোন রুবিয়া খাতুন (১৬)। দুর্ঘটনায় ফারজানার স্বামী ও মোটরসাইকেল চালক সিহাব শেখ গুরুতর আহত হয়েছেন।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, একটি ভারী ট্রাক উপজেলার গাজীরহাট থেকে খুলনার রূপসার দিকে যাচ্ছিল। অন্যদিকে, মোটরসাইকেল আরোহীরা রূপসা হয়ে নড়াইলের দিকে যাচ্ছিলেন। ডোমরা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ট্রাক ও মোটরসাইকেলটি একে অপরকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলটি ভারী ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। ভাগ্যক্রমে মোটরসাইকেল চালক সিহাব শেখ বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন