নড়াইলে নসিমন উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন সড়কের পাশে উল্টে গেলে রাহুল মুসল্লি (২৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কালিয়া–বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল মুসল্লি কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের বাবলু মুসল্লির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাহুল খালি নসিমন নিয়ে বাঁকা গ্রাম থেকে কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে হাঁড়িডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ফকিরের বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন